মাদারীপুর সদর উপজেলায় এক স্কুলশিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে দুই কিশোর। সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার চরমুগরিয়া মার্চেন্টস উচ্চবিদ্যালয়ের গেটের সামনে এ নৃশংস হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম অনাদি বিশ্বাস (৩৫), যিনি ওই বিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক।
প্রত্যক্ষদর্শী ও স্কুল সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালে স্কুলের পেছনের গেট দিয়ে প্রবেশ করছিলেন শিক্ষক অনাদি বিশ্বাস। এসময় সেখানে আগে থেকে ওত পেতে থাকা মাস্ক পরিহিত দুই কিশোর হঠাৎ তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। তার আর্তচিৎকারে সহকর্মী ও শিক্ষার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের চিকিৎসক অখিল সরকার জানিয়েছেন, হামলায় ওই শিক্ষকের মাথায় গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে ছয়টি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার শিকার অনাদি বিশ্বাস বিচার দাবি করে বলেন, “মুখে মাস্ক পরা কিশোর বয়সের দুই ছেলে তাঁর ওপর হামলা চালিয়েছে। তাঁকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে।”
শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। দুপুরে স্কুলের সামনের সড়কে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আব্দুল হামিদ বলেন, “ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাঁরা পুলিশের কাছে দিয়েছেন। লিখিত অভিযোগও দিয়েছেন। পুলিশ হামলাকারীদের দ্রুত খুঁজে বের করবে বলে তিনি আশা প্রকাশ করেন।”
হামলার কারণ এখনো রহস্যবৃত থাকলেও অপরাধীদের শনাক্ত করতে মাঠে নেমেছে পুলিশ। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, “অপরাধীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।”