বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

কেরানীগঞ্জ এলাকায় মাদক পুরোপুরি নির্মূল করতে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর
ছবি : সংগৃহীত

কেরানীগঞ্জ এলাকায় মাদক পুরোপুরি নির্মূল করতে বিএনপির অবস্থান অত্যন্ত কঠোর এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সাবেক সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অবৈধ ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার বিকেলে জিনজিরা ঈদগাহ ময়দানে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবীণ এই রাজনৈতিক নেতা উল্লেখ করেন, জীবিকার তাগিদে দেশের নানা প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ প্রতিনিয়ত রাজধানী ও এর আশপাশের এলাকায় এসে আশ্রয় নিচ্ছেন। তাদের ভিন্ন জীবনযাত্রা ও পরিচয়ের কারণে অনেক সময় অপরাধীদের আলাদা করা কঠিন হয়ে পড়ে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি চক্র মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধের জাল বিস্তার করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা করে বসে না থেকে সাধারণ মানুষকেও সামাজিক দায়িত্ব ও প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি। যারা এই ব্যবসার সাথে জড়িত, তাদের চিহ্নিত করে অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করার আহ্বান জানান তিনি।

সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর বিশেষ জোর দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের সহযোগিতা ছাড়া প্রশাসনের একার পক্ষে সব অপরাধ দূর করা সম্ভব নয়। নাগরিকেরা সচেতন না হলে সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। তাই সমাজবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। তিনি মনে করেন, অনেক নাগরিক ভোগান্তি মানুষের অসচেতনতার কারণে তৈরি হয়, যা পরিকল্পিত নগরায়ণ ও সম্মিলিত সচেতনার মাধ্যমে দূর করা সম্ভব।

নারী ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশের এলাকায় ইভটিজিং প্রতিরোধে দ্রুত সিসিটিভি ক্যামেরা স্থাপনের প্রতিশ্রুতি দেন। এর পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে জানান, নাগরিক সুবিধা আরও বাড়াতে এবং অবকঠামোগত উন্নয়নের লক্ষ্যে কেরানীগঞ্জের বেশ কয়েকটি ইউনিয়নকে খুব শিগগিরই পৌরসভায় রূপান্তর করার পরিকল্পনা রয়েছে।

জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি ওমর শাহনেওয়াজের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীম উদ্দিন, স্থানীয় বিএনপি নেতা মোকারম হোসেন সাজ্জাদ, আশরাফ আজাদ হোসেন, মুজাহিদ ইসলাম মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার সর্বস্তরের জনগণ।