বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর

টাঙ্গাইলকে একটি আদর্শ ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই অপরাধে যারা ধরা পড়বে, তাদের মুক্তি বা আইনি প্রক্রিয়ায় কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।

মাদকমুক্ত টাঙ্গাইল গড়ার ঘোষণা মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইলকে একটি আদর্শ ও সুন্দর জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে এবং এই অপরাধে যারা ধরা পড়বে, তাদের মুক্তি বা আইনি প্রক্রিয়ায় কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।

শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের আলিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশ্বাস দেন যে, যোগ্যতার ভিত্তিতে প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার মতো সহ-শিক্ষা কার্যক্রম অত্যন্ত জরুরি। খেলাধুলা তরুণদের বিপথগামিতা থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে।

বর্তমান সময়ের প্রেক্ষাপট তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের ভবিষ্যৎ যাদের হাতে, সেই যুব সমাজ যদি মাদকাসক্ত হয়ে পড়ে, তবে দেশ উন্নতির পথে এগোতে পারবে না। মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ বিনির্মাণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচনের পূর্বেই আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে টাঙ্গাইলকে মাদক ও অপরাধমুক্ত করব। সন্তানদের নিয়ে প্রতিটি মা-বাবার অনেক স্বপ্ন থাকে, যা মাদকের কারণে ধূলিসাৎ হয়ে যায়। তাই যারা এখনো এই অন্ধকার জগতের সঙ্গে যুক্ত আছেন, তাদের দ্রুত সঠিক পথে ফিরে আসার আহ্বান জানান তিনি।

দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লাবলু মিয়া লাভুর সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন। এছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এবং সদর থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।