সিলেটের শাহজালাল (রহ.) মাজারের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেছেন, ‘তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন।’
বুধবার (২৪ জুন) চার দিনের সফরে সিলেটে পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। এ সময় সাম্প্রতিক মাজার ইস্যু এবং জেলা প্রশাসকের প্রত্যাহারের বিষয়টি নিয়েও কথা বলেন তিনি।
মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতার প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, “উনি (সারওয়ার আলম) আমাদের চোখ খুলে দিয়েছেন। আমরা সেদিকেই জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো। এ ধরনের (মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা) স্বচ্ছতার পদক্ষেপে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। আমরা সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা সবাইকে নিয়ে মাজারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করব। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।”
মন্ত্রী বলেন, দেশের বাইরে থাকায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ হয়নি। তবে দেশে ফেরার পর সংসদে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, মাজার ব্যবস্থাপনায় মানুষের প্রত্যাশা পূরণে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের বদলি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে চলমান ঘটনার সঙ্গে বিষয়টি যুক্ত হয়েছে। তিনি বলেন, বদলি আগে বা পরেও হতে পারত।
এদিকে কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় মন্ত্রী জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য চিকিৎসাসেবা, নিরাপত্তা এবং বিশ্রামের ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সফরকালে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।