জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বাড্ডায় ২৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একইসঙ্গে মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে এই মামলার বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এর আগে গত ২ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদনের ওপর শুনানি শেষ করে প্রসিকিউশন। ওই শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অভিযোগ করেন, শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে কামরুল ইসলাম ও রাশেদ খান মেনন বিভিন্ন উসকানিমূলক ভূমিকা রাখেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ পদে থেকে তারা নিরস্ত্র ছাত্র–জনতার ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের পাশাপাশি কারফিউ জারির প্ররোচনা দেন এবং তাদের ধারাবাহিক ষড়যন্ত্রের ফলে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়।
মামলার অভিযোগপত্রে বাড্ডাসহ আশপাশ এলাকায় ২৩ জনকে হত্যাসহ মোট তিনটি অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ৩ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেন।
অন্যদিকে, চলমান মামলার প্রেক্ষাপটে ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। একই বছরের ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।