শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলা জাস্কের বুঞ্জি গ্রামে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় একটি প্রধান লবণাক্ত পানি শোধন প্ল্যান্টের পাম্পিং স্টেশন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এর জেরে ওই অঞ্চলের অন্তত ২০টি প্রত্যন্ত গ্রামে সুপেয় পানি সরবরাহ পুরোপুরি ভেঙে পড়েছে। হঠাৎ সরকারি এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দা চরম খাবার পানির সংকটে পড়েছেন

মার্কিন হামলায় খাবার পানি সংকটে ইরানের ২০টি গ্রাম
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় জেলা জাস্কের বুঞ্জি গ্রামে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় একটি প্রধান লবণাক্ত পানি শোধন প্ল্যান্টের পাম্পিং স্টেশন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এর জেরে ওই অঞ্চলের অন্তত ২০টি প্রত্যন্ত গ্রামে সুপেয় পানি সরবরাহ পুরোপুরি ভেঙে পড়েছে। হঠাৎ সরকারি এই পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় উপকূলীয় অঞ্চলের প্রায় ১০ হাজার বাসিন্দা চরম খাবার পানির সংকটে পড়েছেন।

শনিবার মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

হরমুজগান ওয়াটার অ্যান্ড ওয়েস্টওয়াটার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুলহামিদ হামজেহপুর আমেরিকার এই আকস্মিক সামরিক পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন। ওয়াশিংটনের এই আক্রমণকে ‘অপরাধমূলক তৎপরতা এবং সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছেন তিনি।

তিনি গভীর ক্ষোভ প্রকাশ করে জানান, মার্কিন যুদ্ধবিমানের এই বর্বরোচিত হামলায় বুঞ্জি শোধন প্ল্যান্টের সমুদ্র থেকে পানি উত্তোলনের মূল পাম্পিং স্টেশন এবং একটি বড় বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভৌগোলিক অবস্থানের কারণে এই শোধনাগারটি শুষ্ক উপকূলীয় অঞ্চলের হাজার হাজার মানুষের বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। আকস্মিকভাবে এটি অকেজো হয়ে পড়ায় প্রত্যন্ত গ্রামগুলোতে মানবিক বিপর্যয় এড়াতে জরুরি ভিত্তিতে বিকল্প উপায়ে সুপেয় পানি সরবরাহের চেষ্টা চালাচ্ছে সরকারি সংস্থাগুলো। তবে জাস্ক জেলায় চালানো এই বিমান হামলার বিষয়ে ওয়াশিংটন বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।