শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ

যুক্তরাষ্ট্রের ঘোষিত কঠোর নৌ অবরোধের তোয়াক্কা না করেই হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে চারটি বাণিজ্যিক জাহাজ।

মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পাড়ি দিলো ৪ জাহাজ
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঘোষিত কঠোর নৌ অবরোধের তোয়াক্কা না করেই হরমুজ প্রণালি সফলভাবে অতিক্রম করেছে চারটি বাণিজ্যিক জাহাজ। বিবিসি ভেরিফাইয়ের বরাত দিয়ে মেরিন ট্রাফিকের জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে এ চাঞ্চল্যকর খবর নিশ্চিত হওয়া গেছে। গন্তব্য ও পরিচয় নিয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা থাকলেও ট্র্যাকিং উপাত্তে জাহাজগুলোর গতিবিধি ধরা পড়েছে।

নৌপথের তথ্য অনুযায়ী, প্রণালি পার হওয়া এসব জাহাজের মধ্যে অন্তত দুটি এর আগে ইরানের বন্দরে নোঙর করেছিল। এর মধ্যে ‘ক্রিস্টিয়ানা’ নামের একটি জাহাজ ইতিপূর্বে ইরানের একটি বন্দরে অবস্থান করার রেকর্ড রয়েছে। এছাড়া মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা ‘রিচ স্টারি’ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে পূর্ব দিকে যাত্রা শুরু করে রাতের অন্ধকারের মধ্যেই সফলভাবে প্রণালিটি পার হয়ে যায়।

একইভাবে যুক্তরাষ্ট্রের কালো তালিকাভুক্ত ‘মুরলিকিশান’ নামের অপর একটি জাহাজ চীনের লানসান বন্দর থেকে যাত্রা করে রাতে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ট্র্যাকিং ডাটায় দেখা গেছে, জাহাজটি সর্বশেষ ইরানের কেশম দ্বীপের পূর্ব অংশে অবস্থান করছিল। এছাড়া ‘এলপিস’ নামক একটি তেলবাহী ট্যাংকার মঙ্গলবার ইরানের বুশেহর বন্দর থেকে পূর্ব অভিমুখে রওনা দিয়ে প্রণালিটি পার হয়, যা আগে থেকেই ওয়াশিংটনের নিষেধাজ্ঞার আওতাভুক্ত।

প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজগুলোর চূড়ান্ত গন্তব্য সম্পর্কে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। পর্যবেক্ষকদের ধারণা, গতিবিধি আড়াল করতে জাহাজগুলো বিশেষ কৌশল অবলম্বন করে থাকতে পারে। উল্লেখ্য যে, গত সোমবার থেকে ইরানের সব বন্দরে নৌযান আসা-যাওয়ার পথে সামরিক অবরোধ আরোপের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই ঘোষণা কার্যকর হওয়ার একদিনের মাথায় এমন ঘটনা মধ্যপ্রাচ্যের জলসীমায় নতুন উত্তেজনা তৈরি করেছে।