বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার হুঁশিয়ারি দিয়েছে ইরানের এলিট সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ওয়াশিংটনের যাবতীয় বৈরী আচরণ ও অপকর্মের অবসান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক এই জলপথ সম্পূর্ণ বন্ধ রাখা হবে।
আইআরজিসির সাম্প্রতিক এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, ওয়াশিংটন মূলত রণক্ষেত্রে নিজেদের ব্যর্থতা ও দুর্বলতা আড়াল করতেই নতুন অজুহাত তৈরি করছে। বেআইনিভাবে চলাচলকারী জাহাজে আক্রমণের মিথ্যা দাবি তুলে মার্কিন প্রশাসন ইরানের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে তেহরান অভিযোগ করেছে।
বিবৃতিতে ইরানি এলিট ফোর্সের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে, হরমুজ প্রণালিতে তেহরানের জারি করা কঠোর নৌ অবরোধ অমান্য করার সাহস এখন পর্যন্ত কোনো বাণিজ্যিক জাহাজ দেখাতে পারেনি। এমনকি আমেরিকার কোনো যুদ্ধজাহাজ কিংবা তাদের মিত্র শক্তির সহায়তায়ও কেউ এই জলপথ দিয়ে যাতায়াতের চেষ্টা করেনি।
আইআরজিসি বেশ প্রত্যয়ের সঙ্গেই উল্লেখ করেছে যে, ইরানের দেওয়া নিষেধাজ্ঞা কেউ অমান্য করার ধৃষ্টতা না দেখানোর ফলে ওই অঞ্চলে কোনো ধরনের জাহাজ বা লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।