মাদক কার্টেলের সঙ্গে যোগসাজশ ও অপরাধমূলক কর্মকাণ্ডে সহায়তার অভিযোগে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের গভর্নর রুবেন রোচা মোয়াসহ ১০ জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে মার্কিন বিচার বিভাগীয় সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জে ক্লেটন এক বিবৃতিতে জানান, সিনালোয়া কার্টেল দীর্ঘ সময় ধরে বিভিন্ন অঞ্চলে প্রাণঘাতী মাদক ছড়িয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। আদালতের নথিপত্র অনুযায়ী, এই কার্টেলটি লাতিন আমেরিকা ছাড়িয়ে বিশ্বজুড়ে এক বিশাল মাদক পাচার নেটওয়ার্ক গড়ে তুলেছে, যার মূল কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হচ্ছে মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্য।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গভর্নর ও অন্যান্য কর্মকর্তারা সরাসরি কার্টেলের একটি নির্দিষ্ট অংশের সঙ্গে সখ্য বজায় রেখে চলতেন। এই নেটওয়ার্কটি মূলত মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট ‘এল চাপো’র ছেলেদের দ্বারা পরিচালিত হয়, যারা অপরাধ জগতে ‘চাপিতোস’ নামে পরিচিত।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে এই শক্তিশালী মাদকচক্রের কার্যক্রম পুরোপুরি স্তব্ধ করে দিতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত কার্টেলের ৩০ জনেরও বেশি সদস্য এবং সহযোগীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সর্বশেষ গভর্নর পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা মাদকবিরোধী লড়াইয়ে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।