শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার প্রতিবাদ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার প্রতিবাদ এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১৫ জুন) দুপুর পৌনে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় মিছিল বের করেন তারা। এ সময় তারা মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভের নেতৃত্বে কে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুপুর ১২টার দিকে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সরদার তার ব্যক্তিগত ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিল করছেন। এ সময় সড়কে আগুন জ্বালিয়ে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। একই সঙ্গে শেখ মুজিবুর রহমানের ম্যুরালে কালিলেপনের ঘটনার প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ চলাকালে মহাসড়কের দুই পাশে বেশ কয়েকটি যানবাহন আটকা পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুন মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালে দুর্বৃত্তরা কালিলেপন করে। এর পরদিন বুধবার রাত ৮টার দিকে উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ম্যুরালের কালি পরিষ্কার করতে দেখা যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও ফেসবুকে এ ঘটনার নিন্দা জানান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করেছিল। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’