শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইসলাম বিদ্বেষী ও নাস্তিক’: মুফতি আমির হামজা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ‘ইসলাম বিদ্বেষী ও নাস্তিক’: মুফতি আমির হামজা
ছবিঃ সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলাম বিদ্বেষী’ বলে অভিহিত করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে দেওয়া এক আলোচনায় তিনি এই মন্তব্য করেন।

এমপি আমির হামজা তার বক্তব্যে বলেন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু কেবল নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা পীরের বিরোধী নন, বরং তিনি সামগ্রিকভাবে ইসলাম বিদ্বেষী। মন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্যের সূত্র ধরে আমির হামজা প্রশ্ন তোলেন যে, দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি—এমন দাবি ভিত্তিহীন। তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের উদাহরণ টেনে বলেন, তারা ধর্ম বা ইসলাম বিদ্বেষী ছিলেন কি না, তা জিজ্ঞাসা করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

আলোচনায় আমির হামজা আরও অভিযোগ করেন, অতীতে তারেক রহমানকে নিয়ে যে ‘খাম্বা’ সম্বোধন প্রচলিত হয়েছিল, তার মূলে ছিলেন এই ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি দাবি করেন, এই মন্ত্রী আগেও একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন এবং তার অযোগ্যতার কারণেই জনভোগান্তি তৈরি হয়েছে।

বর্তমানে কুষ্টিয়াসহ সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকটের কথা উল্লেখ করে আমির হামজা বলেন, মজমপুর বা বিআরবি কেবলের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার চলছে। তিনি নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সকালে হাসপাতালে জেনারেটর চালানোর জন্য ৫ লিটারের বেশি তেল পাওয়া যায়নি, যা মুমূর্ষু রোগীদের জীবন বিপন্ন করে তুলছে।

এমপি আমির হামজা মনে করেন, দেশের মানুষের প্রতি দরদ আছে এমন যোগ্য ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হলে আজ সাধারণ মানুষকে এমন চরম ভোগান্তিতে পড়তে হতো না। তিনি মন্ত্রীকে একজন ‘পরীক্ষিত অযোগ্য’ ব্যক্তি হিসেবেও আখ্যা দেন।