সোমবার, 21 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা
ছবিঃ সংগৃহীত

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ১৭ জানুয়ারি রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা সাজেদুর রহমান পপপু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই ঘোষণা দেন।

সাজেদুর রহমান পপপু তার স্ট্যাটাসে উল্লেখ করেন যে, আমির হামজা তার বিকৃত ও আপত্তিকর বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত ঝিনাইদহ জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। মুহূর্তের মধ্যেই পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কমেন্টে এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে নানা মন্তব্য করতে থাকেন।

এই বিষয়ে সাজেদুর রহমান পপপু গণমাধ্যমকে জানান, আরাফাত রহমান কোকো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। ইসলাম ধর্ম কখনো একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বিকৃত ও কুরুচিপূর্ণ বক্তব্য সমর্থন করে না। তিনি আরও হুঁশিয়ারি দেন যে, আমির হামজা তার বক্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত তাকে কোনোভাবেই ঝিনাইদহ জেলায় প্রবেশ করতে দেওয়া হবে না।

উল্লেখ্য যে, বর্তমান ওয়াজ মাহফিলের মৌসুমে মুফতি আমির হামজা ঝিনাইদহের ছয়টি উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে অসংখ্য মাহফিলে প্রধান বক্তা হিসেবে অংশ নিয়ে থাকেন। কুষ্টিয়া ও ঝিনাইদহ প্রতিবেশী জেলা হওয়ায় দুই অঞ্চলের মানুষের মধ্যে নিবিড় যোগাযোগ ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। ফলে আমির হামজার এই বিতর্কিত বক্তব্যটি দুই জেলা জুড়েই ব্যাপক সমালোচনা ও উত্তেজনার জন্ম দিয়েছে।