মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের পূর্ণাঙ্গ তালিকা জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়ে সরকারকে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে যুদ্ধে নির্যাতিত নারীদের তালিকা প্রণয়ন এবং তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের বরাবরে এই নোটিশ পাঠান।
নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, স্বাধীনতার দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তালিকা প্রকাশ না করা একটি ঐতিহাসিক অবিচার। সরকার স্বীকৃত বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা প্রদান করলেও শহীদ পরিবার ও বীরাঙ্গনাদের তালিকা প্রণয়নে এমন স্থবিরতাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করা হয়েছে নোটিশে।
আবেদনকারী আইনজীবী তার নোটিশে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এই তালিকা প্রস্তুত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশের দাবি জানিয়েছেন। পাশাপাশি শহীদ ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নেরও আহ্বান জানানো হয়েছে। নোটিশে স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করা হবে।