মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ভোটগ্রহণের সময় ককটেল বিস্ফোরণ এবং পরবর্তীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র ও তাজা ককটেল উদ্ধারের ঘটনায় নির্বাচনী এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মাকহাটি এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৫ জনকে আটক করা হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে মোল্লাকান্দি এলাকা থেকে নাহিদ নামে এক যুবককে আটক করে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে একটি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে আটক নাহিদকে নিয়ে তার বাসস্থান ও আশপাশের আস্তানায় তল্লাশি চালায় সেনাবাহিনী। অভিযানে সেখান থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু তাজা ককটেল উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে জানিয়েছেন, আটক নাহিদ একজন কুখ্যাত অপরাধী এবং তার বিরুদ্ধে থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। তবে সে নির্দিষ্ট কোন প্রার্থীর হয়ে কাজ করছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, উদ্ধার অভিযান ও আটকের বিষয়টি সেনাবাহিনী তদারকি করছে, তাই বিস্তারিত তথ্য তাদের কাছেই রয়েছে।
এর আগে সকালে এই এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। যদিও এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ককটেল বিস্ফোরণ ও অস্ত্র উদ্ধারের ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে ওই এলাকায় সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।