রোববার ৫০ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামটিতে সুইডিশ লিগ ‘অলসভেনস্কান’-এর এআইকে ও জুরগারডেন্সের মধ্যকার ম্যাচ চলছিল। খেলার শুরুতেই জুরগারডেন্স ২-১ গোলে এগিয়ে থাকাকালীন হঠাৎ স্টেডিয়ামে আগুনের সূত্রপাত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গ্যালারি ও মাঠের ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে দ্রুত পুরো স্টেডিয়াম খালি করে দেওয়া হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এআইকে ক্লাবের নিরাপত্তা প্রধান হেনরিক কোচ নিশ্চিত করেন, ঘটনাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কেউ আহত হননি’।
পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ম্যাচ পুনরায় শুরু হলে শেষ পর্যন্ত জুরগারডেন্স ৪-২ ব্যবধানে জয় তুলে নেয়।
এদিকে জার্মান ফুটবল ক্লাব এফসি শালকের ভেল্টিনস-অ্যারেনা স্টেডিয়াম থেকে এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। স্টেডিয়ামের শৌচাগার থেকে ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
জার্মান সংবাদমাধ্যম বিল্ড-এর প্রতিবেদনে বলা হয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার সময় এক পরিচ্ছন্নতাকর্মী টয়লেটের ভেতরে ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন।
ধারণা করা হচ্ছে, গত বুধবার স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সেখানেই তিনি লুটিয়ে পড়লেও পরদিন পর্যন্ত বিষয়টি কেউ টের পাননি।
প্রাথমিক তদন্তে কোনো ধরনের অপরাধমূলক ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। তবে অনুষ্ঠান শেষে কেন তার খোঁজ কেউ নেয়নি—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ব্যক্তি ছিলেন গেলসেনকির্খেনের স্থানীয় বাসিন্দা।
এক বিবৃতিতে শালকে কর্তৃপক্ষ জানায়, ‘স্টেডিয়ামের শৌচাগারে মরদেহ উদ্ধারের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। মৃত্যুর কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে এবং ক্লাব কর্তৃপক্ষ তদন্তে পূর্ণ সহযোগিতা দিচ্ছে’।