বুধবার, 21 অক্টোবর 2026
সকল বিভাগ

নারায়ণগঞ্জে চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূ খুন, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির চেষ্টা প্রতিহত করতে গিয়ে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত তরুণকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জে চুরিতে বাধা দেওয়ায় গৃহবধূ খুন, গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির চেষ্টা প্রতিহত করতে গিয়ে এক গৃহবধূ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ঘটনার পর পালানোর সময় অভিযুক্ত তরুণকে আটক করে এলাকাবাসী গণপিটুনি দিলে সেখানেই তার মৃত্যু হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আমেনা বেগম কেরাবো এলাকার দেওয়ান কামরুজ্জামান বাবুলের স্ত্রী। আর গণপিটুনিতে নিহত তরুণ মেহেদী কাঞ্চন পৌরসভার মস্তাপুর এলাকার রেজাউলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চার দিন আগে কামরুজ্জামান বাবুলের বাড়িতে টাইলস বসানোর কাজ করেছিলেন মেহেদীসহ কয়েকজন শ্রমিক। শুক্রবার দুপুরে বাড়িটি ফাঁকা ভেবে চুরির উদ্দেশ্যে মেহেদী ঘরে ঢোকেন। এ সময় ঘরে উপস্থিত আমেনা বেগম তাকে বাধা দিলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মেহেদী হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আমেনা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালানোর সময় আশপাশের লোকজন মেহেদীকে ধরে ফেলেন। কিছুক্ষণের মধ্যেই আমেনা বেগমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'