নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে দেশে বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৫ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ইতিপূর্বেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। এই বাস সার্ভিসের বিশেষত্ব হলো, এটি সম্পূর্ণভাবে নারীদের দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত হবে।
সরকারি এই পরিকল্পনায় জানানো হয়েছে, বাসের স্টিয়ারিংয়ে থাকবেন দক্ষ নারী চালক। পাশাপাশি নারী কন্ডাক্টর ও নারী সহকারীদের (হেলপার) মাধ্যমে পুরো পরিষেবাটি পরিচালনা করা হবে। মূলত গণপরিবহনে নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতেই এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হয়েছে।