নির্বাচনী প্রচারণার মধ্যেই নাটোর-৩ (সিংড়া) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জার্জিস কাদিরের পদযাত্রায় সৃষ্টি হলো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা। কর্মসূচির সময় এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতাকর্মীর মধ্যে হাতাহাতির ঘটনায় সমাবেশস্থলে সাময়িক উত্তেজনা ও হট্টগোল দেখা দেয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এই নির্বাচনী পদযাত্রায় ঘটনাটি ঘটে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মঞ্চে ওঠার ঠিক আগমুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
দলীয় সূত্রে জানা যায়, কর্মসূচির নির্ধারিত সময় ছিল সকাল ১০টা। তবে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সময়মতো না পৌঁছানোয় তীব্র রোদে অংশগ্রহণকারীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এ সময় ১১ দলীয় জোটের স্থানীয় নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন।
বক্তব্য চলাকালে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন সদস্য মঞ্চে ওঠেন। এতে নিচে অবস্থানরত সংগঠনের অন্য কয়েকজন সদস্যের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং হট্টগোল শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মঞ্চে উপস্থিত সিনিয়র নেতারা ও আয়োজকরা মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। পরে ছাত্রশক্তির নেতাকর্মীরা শান্ত হলে উত্তেজনা প্রশমিত হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মঞ্চে ওঠেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এরপর পদযাত্রা ও সমাবেশের কার্যক্রম স্বাভাবিকভাবে সম্পন্ন হয়।