সোমবার, 21 সেপ্টেম্বর 2026
সকল বিভাগ

নেপালে বিধ্বংসী বন্যার ১০ দিন পর আরও ২ জনকে জীবিত উদ্ধার

প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসের ১০ দিন পরও নেপালে চলছে নিখোঁজদের উদ্ধারে মরিয়া অভিযান। এর মধ্যেই ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে এক চীনা শ্রমিক এবং নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

নেপালে বিধ্বংসী বন্যার ১০ দিন পর আরও ২ জনকে জীবিত উদ্ধার

প্রলয়ঙ্করী বন্যা ও ভূমিধসের ১০ দিন পরও নেপালে চলছে নিখোঁজদের উদ্ধারে মরিয়া অভিযান। এর মধ্যেই ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে এক চীনা শ্রমিক এবং নুয়াকোটে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে ৬৪ বছর বয়সী এক নেপালি নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার ওই চীনা শ্রমিককে ত্রিশূলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ এবং চান্দিকা শ্রেষ্ঠ নামের ওই নারীকে নুয়াকোট এলাকা থেকে উদ্ধার করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

এ নিয়ে প্রকল্পটির সুড়ঙ্গ থেকে মোট তিনজনকে জীবিত বের করে আনা হলো। এর আগের দিন শুক্রবার সেখানে আটকে থাকা দুই নেপালি শ্রমিককে উদ্ধার করেছিলেন উদ্ধারকর্মীরা।


উদ্ধারকারীদের ধারণা, সুড়ঙ্গের ভেতরে এখনো আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। তাদের সন্ধান ও উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তে হিমবাহ ধসে বরফ, কাদা ও পাথরের ভয়াবহ স্রোত নেমে আসে। এতে ১৩ শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বন্যা ও ভূমিধসের পর এখনো নেপালে ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে নদীর তীরবর্তী বিশাল সুড়ঙ্গে কাজ করা জলবিদ্যুৎ প্রকল্পের কয়েকশ শ্রমিকও রয়েছেন।

নেপালের সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞদের সহযোগিতায় তাদের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

উদ্ধার করা চীনা শ্রমিককে ২২৫ মিটার দীর্ঘ একটি সুড়ঙ্গের ভেতর থেকে বের করে আনা হয়। উদ্ধারের পর তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত ছবিতে দেখা যায়, সামরিক চিকিৎসকেরা তাকে চিকিৎসা দিচ্ছেন এবং পরে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিও একটি ছবি প্রকাশ করেছে। সেখানে দুই উদ্ধারকর্মীকে জীবিত উদ্ধার হওয়া শ্রমিকটিকে সুড়ঙ্গ থেকে বের করে আনতে দেখা যায়।


অন্যদিকে, নুয়াকোট শহরে ধসে পড়া একটি বাড়ির নিচ থেকে চান্দিকা শ্রেষ্ঠকে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তাকে হেলিকপ্টারে করে কাঠমান্ডু নেওয়া হচ্ছে।

উদ্ধার অভিযানের প্রকাশিত ছবিতে দেখা যায়, জরুরি সেবাকর্মীরা ধূসর কম্বলে মোড়ানো অবস্থায় ওই নারীকে ধ্বংসস্তূপের ভেতর থেকে বাইরে নিয়ে আসছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নেপালের ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে এখনো প্রায় ৯০০ শ্রমিকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের মধ্যে প্রায় ৫০০ জন বিভিন্ন সুড়ঙ্গে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।