ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। একইসঙ্গে তিনি মনে করেন, নেতানিয়াহুর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) মুখোমুখি হওয়া উচিত।
আল জাজিরার খবরে বলা হয়েছে, মামদানি মন্তব্য করেন, নেতানিয়াহু একজন “যুদ্ধাপরাধী”, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত অভিযোগ গঠন করেছে এবং তার স্থান সেখানেই।
এদিকে, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জোহরান মামদানি বলেন, নেতানিয়াহুর মতো কোনো বিদেশি রাষ্ট্রনেতাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার আইনি ক্ষমতা তার রয়েছে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিউইয়র্ক সিটির আইন বিভাগের সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) মেয়রের প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকলেও আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক বিধিনিষেধের কারণে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তারের বিষয়টি অত্যন্ত জটিল বলে বিবেচিত হয়।