বর্ষায় জলরাশিতে ঘেরা দ্বীপের মতো গ্রাম আর হেমন্তে বিস্তীর্ণ ফসলের মাঠ—নেত্রকোণা জেলার মোহনগঞ্জ, খালিয়াজুড়ি ও মদন উপজেলার প্রকৃতি যেমন বৈচিত্র্যময়, তেমনি এখানকার রাজনীতিও। এই তিন উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ নতুন করে বাড়ছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। নির্বাচনের আলোচনায় আবারও সামনে এসেছেন বিএনপির সাবেক প্রভাবশালী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বর্তমানে দলের কোনো সাংগঠনিক পদে না থাকলেও নির্বাচনী রাজনীতিতে তাঁকে এখনও শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
লুৎফুজ্জামান বাবর প্রথমবার ১৯৯১ সালে বিএনপির মনোনয়নে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০১ সালের নির্বাচনে পুনর্নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রিসভায় স্থান পান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সে সময় তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাঁকে মনোনয়ন না দিলেও কারাবন্দি অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবর। ওই সময় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। সেই নির্বাচনে তিনি আওয়ামী লীগ প্রার্থীর নিকটতম প্রতিদ্বন্দ্বী হন, যেখানে বিএনপির দলীয় প্রার্থী ছিলেন অনেক পিছিয়ে। পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলেও বাবর আর কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোনো পদ পাননি।
আওয়ামী লীগ সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলা এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বাবর মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্ট এসব মামলায় তাঁকে খালাস দেন। টানা ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেলেও বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে তাঁর আনুষ্ঠানিক পুনর্বাসন হয়নি।
কারাবন্দি থাকা অবস্থায় স্থানীয় বিএনপিতে বাবরের অনুসারীদের নেতৃত্ব দেন তাঁর স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি তাঁকেই এই আসনে মনোনয়ন দিয়েছিল। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে অবশ্য বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন লুৎফুজ্জামান বাবর। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাহমিনা জামান শ্রাবণী।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই আসনে স্বামী-স্ত্রীর মনোনয়ন দাখিল একটি কৌশলগত পদক্ষেপ। তাঁদের ধারণা, নির্ধারিত সময়ে তাহমিনা জামান শ্রাবণী মনোনয়ন প্রত্যাহার করে বাবরের পক্ষে অবস্থান নেবেন।
এই আসনে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল হেলাল তালুকদার, সিপিবির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সিপিবির সদস্য জলি তালুকদার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমান।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই এই আসনে বাবরকে কার্যত অপ্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। একাধিক ভোটার বলেন, বাবর এমপি থাকাকালে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। তাঁদের ভাষায়, “আমরা এলাকার উন্নয়নের জন্য আবার তাঁকে সংসদে পাঠাতে চাই। আমরা কোনো মার্কা বুঝি না। আমরা বুঝি মার্কা মানেই বাবর। এই আসনে বাবরের জয় কেউ ঠেকাতে পারবে না।”
অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থী আল হেলাল তালুকদার ময়মনসিংহ মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে অধ্যাপনার সঙ্গে যুক্ত এবং এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে পরিচিত। বিভিন্ন সামাজিক ও আন্দোলনমূলক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি এবং দীর্ঘদিন ধরেই ভোটের মাঠে কাজ করে যাচ্ছেন।
নিজের অবস্থান তুলে ধরে আল হেলাল তালুকদার বলেন, ‘আমরা ভোটের মাঠে ভালো সাড়া পাচ্ছি। জনগণ এখন পরিবর্তন চায়। মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম আওয়াজ তুলছে। তরুণরা অতীতের মতো এসব আর চায় না। তরুণরা আমাদের সঙ্গে আছে। আশা করছি, এ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাল্লাহ।’
সব প্রার্থীই মাঠে সক্রিয় থাকলেও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নেত্রকোণা-৪ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠবে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে। তবে সার্বিক পরিস্থিতিতে এখন পর্যন্ত ভোটের মাঠে প্রভাব বিস্তার করে এগিয়ে আছেন লুৎফুজ্জামান বাবর।