সোমবার, 12 অক্টোবর 2026
সকল বিভাগ

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত

নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত
প্রতীকী ছবি

নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তোষ রায়ের ছেলে আকাশ রায় (২৪) এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে রাসেল মিয়া (২৫)। তাঁরা দুজনই চল্লিশা বাজার এলাকার জীবন বাবুর রাইস মিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টার দিকে আকাশ ও রাসেলসহ সাত-আটজন যুবক কাজ শেষে রেললাইনের ওপর ঘুরতে যান। সেখানে দাঁড়িয়ে তাঁরা মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেনটি তাঁদের ধাক্কা দিলে তাঁরা ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।