একটি বক্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান। রংপুর-৪ আসনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোকে তিনি নবী ইব্রাহিম (আ.)-এর কোরবানির চেয়েও বড় ত্যাগ হিসেবে উল্লেখ করেছেন—এমন একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় বিতর্ক।
বৃহস্পতিবার পীরগাছা উপজেলার কদমতলা এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। ওই সভাটি আয়োজন করা হয় জামায়াত, এনসিপিসহ ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে সমর্থন জানাতে। অনুষ্ঠানে আখতার হোসেনও উপস্থিত ছিলেন।
পরে এটিএম আজম খানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। প্রায় ১ মিনিট ২৫ সেকেন্ডের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়,
“২৮ তারিখ সকাল সাড়ে ৬টায় কেন্দ্র থেকে মোবাইল করলো আমাকে। মোবাইল করি বললো যে, খান সাহেব আপনাকেতো কোরবানি দেওয়া হলো। তা আমি বললাম, ‘এই কোরবানি কি ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাটা ইসমাইল আলাইহিস সালামের?’ তখন বললেন যে, ‘হ্যাঁ এর চেয়েও বড়।’”
তিনি আরও বলেন,
“আসলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করছে… আর আপনার কোরবানি বলতে পীরগাছা-কাউনিয়ার লাখ লাখ নারী-পুরুষের কোরবানি। এইজন্যই এই কোরবানিটা বড় কোরবানি।”
ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে একাধিক দফা কথা হয়েছে এবং বর্তমান পরিস্থিতিকে একটি ‘চ্যালেঞ্জ’ হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একপর্যায়ে আখতার হোসেনের হাত তুলে ধরে মাঠে-ময়দানে একসঙ্গে কাজ করার ডাক দেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে এটিএম আজম খানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ত আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
তবে বিতর্ক ছড়িয়ে পড়ার পর নিজের ফেসবুক পোস্টে ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ করেন তিনি। সেখানে তিনি বলেন,
“সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে আমার একটি উক্তি নিয়ে অনেকেই দৃষ্টি আকর্ষণ করেছেন।”
তিনি আরও লেখেন,
“উক্ত সভায় বক্তব্য দিতে গিয়ে আমি দলের এক ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করার সময় একটি অনভিপ্রেত ও অসতর্ক শব্দচয়ন ব্যবহার করেছি… বিষয়টি আমার ‘স্লিপ অব টাং’ থেকে হয়েছে, যা কোনোভাবেই আমার উদ্দেশ্য ছিল না।”
পোস্টে তিনি স্পষ্ট করে বলেন,
“পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হযরত ইবরাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থি।”
একই সঙ্গে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং কেউ কষ্ট পেয়ে থাকলে তাদের কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকারও করেন এই জামায়াত নেতা।
উল্লেখ্য, এটিএম আজম খান রংপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রাথমিক মনোনীত প্রার্থী ছিলেন। তবে এনসিপির সঙ্গে ১১-দলীয় জোট গঠনের কারণে জামায়াত ওই আসন ছেড়ে দেয়। এর ফলে জোটের প্রার্থী হিসেবে আখতার হোসেনকে সমর্থন জানিয়ে এটিএম আজম খান নিজে মনোনয়নপত্র দাখিল করেননি।