আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য ১,০৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। তাঁরা এক সপ্তাহ দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনী কার্যক্রম এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স, বিশেষ করে বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য এই কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পাবেন। এর মাধ্যমে ভোটগ্রহণ ও গণভোটের দিন দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বজায় রাখা হবে।
তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। একই দিনে দেশের নাগরিকরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ক গণভোটেও অংশ নেবেন।