সোমবার, 19 অক্টোবর 2026
সকল বিভাগ

নির্বাচনী অফিস উদ্বোধন করল বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে পৃথক একটি অফিস উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

নির্বাচনী অফিস উদ্বোধন করল বিএনপি
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কার্যক্রম সুচারুভাবে পরিচালনার লক্ষ্যে পৃথক একটি অফিস উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে ফিতা কেটে এই ‘ইলেকশন স্টিয়ারিং অফিস’ ও কল সেন্টারের উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন পরিচালনা একটি বিশাল কর্মযজ্ঞ। এই প্রক্রিয়াকে আরও পেশাদার ও আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করার লক্ষ্যেই আলাদা এই কার্যালয়টি নেওয়া হয়েছে। উদ্বোধনের পর তিনি অফিসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেন।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় সাংবাদিকদের জানান, নির্বাচন পরিচালনা কমিটির যাবতীয় লজিস্টিক এবং কৌশলগত কার্যক্রম এই অফিস থেকে সম্পন্ন হবে। এছাড়া ভোটার এবং কর্মীদের সুবিধার্থে একটি বিশেষ কল সেন্টারও চালু করা হয়েছে। কল সেন্টারের নির্ধারিত নম্বরটি হলো ১৬৫৪৩, যেখান থেকে দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচন সংক্রান্ত তথ্য বা সহায়তা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। উল্লেখ্য, গুলশানের এই নতুন কার্যালয়টি মূলত নির্বাচনী গবেষণা, তথ্য সংগ্রহ এবং প্রচার কৌশল নির্ধারণের মূল কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।