বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর ঐতিহাসিক জয় উদযাপন করতে রাস্তায় নামা জনস্রোতের মধ্যে প্রাণ হারিয়েছেন তিনজন। দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।
মেক্সিকো সিটির স্বাস্থ্য কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, নিহতদের মধ্যে রয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। এছাড়া ৪৮ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষও মারা গেছেন।
ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ২-০ গোলের জয়ের পর রাজধানীর বিভিন্ন এলাকায় হাজারো মানুষের ঢল নামে। ব্যাপক ভিড়ের মধ্যেই এ মৃত্যুর ঘটনা ঘটে।
সরকারি তথ্য অনুযায়ী, ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় উদযাপন করতে মেক্সিকো সিটির রাস্তায় নেমেছিলেন ১০ লাখের বেশি মানুষ। উদযাপনকারীদের বড় অংশ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স স্মৃতিস্তম্ভের আশপাশে জড়ো হন।
মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, জরুরি সেবাকর্মীরা সড়কের পাশে তিনটি আলাদা স্থান থেকে অচেতন অবস্থায় তিনজনকে উদ্ধার করেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে জানা গেছে, তিনজনেরই মৃত্যু হয়েছে শ্বাসরোধের কারণে। পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেছেন।
দুই কোটির বেশি মানুষের বসবাস মেক্সিকো সিটিতে, যা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ নগরাঞ্চল হিসেবে পরিচিত।