নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। রোববার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আমবাটি ডাবল ব্রিজ নামক স্থানে দ্রুতগতির একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দা উপজেলার চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মতিউর রহমান ও নাজমুল হোসেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাতে তারা ব্যক্তিগত গাড়িতে করে হিলির দিকে যাচ্ছিলেন। পথে নজিপুর-ধামুইরহাট আঞ্চলিক সড়কের আমবাটি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় গাড়িটি সজোরে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিলে সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। এরই মধ্যে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।