বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘাতক স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

নওগাঁয় স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যা
ছবিঃ সংগৃহীত

নওগাঁর আত্রাইয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘাতক স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও তাদের দুই বছর তিন মাস বয়সী শিশু কন্যা জিনি সরকার।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জয় সরকার দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। তার এই বেপরোয়া জীবনযাপনের কারণে স্ত্রী বৃষ্টি সরকার মাঝেমধ্যেই সংসার ছেড়ে চলে যেতেন, যদিও পরবর্তীতে আবার ফিরে আসতেন। বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে জয় হঠাৎই ধারালো ছুরি দিয়ে স্ত্রী ও সন্তানের ওপর আক্রমণ চালায়। তাদের এলোপাতাড়ি আঘাত করার পর তিনি একই অস্ত্র দিয়ে নিজের শরীরে জখম করে আত্মহত্যার পথ বেছে নেন।

ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই বৃষ্টি সরকারের মৃত্যু হয়। গভীর রাতে বিষয়টি জানাজানি হলে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় জয় এবং তার শিশু কন্যাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে বাবা ও মেয়ের মৃত্যু হয়।

ওসি আব্দুল করিম জানান, খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য দুজনের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।