নওগাঁর ধামইরহাট ও মান্দা উপজেলায় বজ্রপাতে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি শুরু হলে পৃথক দুটি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাটে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের বিলে শসা তুলতে গিয়েছিলেন জালাল উদ্দীন (৩৪) নামে এক কৃষক। সে সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জালাল ওই এলাকার বাসিন্দা। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে, মান্দা উপজেলার চকরামপুর এলাকায় ধানের জমিতে কাজ করার সময় বজ্রাঘাতে পিন্টু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় মোসলেম উদ্দিনের ছেলে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাঠে কাজ করার সময় পিন্টুর ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় তার সাথে থাকা আরও এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।