শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু

নওগাঁ জেলা শহরে নেশাগ্রস্ত ছেলের লাঠি ও ইটের আঘাতে মহাতাব সরকার নামের এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
ছবি : সংগৃহীত

নওগাঁ জেলা শহরে নেশাগ্রস্ত ছেলের লাঠি ও ইটের আঘাতে মহাতাব সরকার নামের এক বৃদ্ধ বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার ভোরের দিকে শহরের বনানীপাড়া এলাকায় এই নৃসংশ ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সন্তান সুমন আত্মগোপনে রয়েছে। নিহত মহাতাব সরকার জীবিকার তাগিদে রিকশা চালাতেন।

আঞ্চলিক থানা পুলিশ ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, সুমন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। এই নেশার টাকার জোগান ও আচরণ নিয়ে প্রায়ই পরিবারে চরম অশান্তি ও কলহ লেগেই থাকত। সুমনের মাদকাসক্তির কারণেই গত এক বছর আগে তাঁর স্ত্রী তাঁকে ছেড়ে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নিয়ে চলে যান। সম্প্রতি সুমনের স্ত্রী বাড়িতে ফিরলে আবারও পারিবারিক বিবাদ তৈরি হয়। এরই জের ধরে রবিবার রাত ১২টার দিকে সুমন রাগ করে তাঁর বাবার পাশেই ঘুমাতে যায়।

সে সময় সুমনের ঘুম আসছিল না দেখে বাবা মহাতাব সরকার স্নেহের বশে বিভিন্ন ধর্মীয় দোয়া পড়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন। এতে সুমন আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে সে বৃদ্ধ বাবাকে টেনেহিঁচড়ে ঘর থেকে উঠানে বের করে নিয়ে আসে এবং কাঠ দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পেটাতে থাকে। একপর্যায়ে ভারী ইট দিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করলে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মারা যান মহাতাব সরকার। পরে ঘরের অন্যান্য সদস্যরা চিৎকার শুনে এগিয়ে এলে সুমন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সকালের দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। ঘটনার পর থেকেই ঘাতক ছেলে সুমন পলাতক থাকায় তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।