নওগাঁ সদর উপজেলায় ইটভাটার দ্রুতগামী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইমন হোসেন নামে এক কোচিং শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের কাদিমপুর এলাকায় ‘বিবিসি ব্রিকস’ নামক ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত এলাকাবাসী সংশ্লিষ্ট ইটভাটায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
নিহত ইমন হোসেন কীর্ত্তিপুর মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক ইমন তার কর্মস্থল থেকে বের হয়ে গন্তব্যে যাওয়ার পথে বিবিসি ইটভাটার বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।
দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। তারা ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ইটভাটার অব্যবস্থাপনার প্রতিবাদে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা ইটভাটায় কয়েক দফা হামলা চালিয়ে ভাঙচুর করে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এলাকাবাসীর তীব্র দাবির মুখে প্রশাসনের হস্তক্ষেপে বর্তমানে ইটভাটাটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।