বুধবার, 28 অক্টোবর 2026
সকল বিভাগ

নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং পলিথিন আটক করা হয়েছে।

নোয়াখালীতে ৪০ লাখ টাকার অবৈধ জাল ও পলিথিন জব্দ
ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের এক যৌথ অভিযানে প্রায় ৪০ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল এবং পলিথিন আটক করা হয়েছে।

সোমবার(৬এপ্রিল) দুপুরে উপজেলার ওসখালী পুরাতন বাজার সংলগ্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া এবং স্থানীয় মৎস্য অধিদপ্তর ওসখালী পুরাতন বাজার এলাকায় এই বিশেষ তল্লাশি চালায়। অভিযানে ওই এলাকার দুইটি দোকান ও তিনটি গুদাম থেকে ১৫৮টি চায়না দুয়ারি জাল, ২৪ হাজার ২০০ মিটার কারেন্ট জাল এবং ৪৮০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব অবৈধ সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ৪০ লাখ ৩৯ হাজার টাকা।

অভিযান চলাকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অবৈধ জাল মজুতের দায়ে দুইজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দ করা নিষিদ্ধ জালগুলো প্রশাসনের নির্দেশে তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া উদ্ধার হওয়া পলিথিনগুলো মৎস্য অধিদপ্তরের মালখানায় সংরক্ষণের জন্য জমা দেওয়া হয়েছে। দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।