নড়াইলের কালিয়ায় বেপরোয়া ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছোট ছেলে।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালডাঙ্গা গ্রামের অভ্যন্তরীণ সড়ক দিয়ে একটি দ্রুতগামী ট্রলি যাওয়ার সময় রাস্তায় থাকা শিশু লিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটির মাথা, নাক ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালের আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।