শনিবার, 24 অক্টোবর 2026
সকল বিভাগ

সাবেক এমপি ও প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

সাবেক এমপি ও প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান মারা গেছেন
ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে নিজের বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ভাতিজা আদনান হাবীব এ তথ্য জানিয়েছেন।

আদনান হাবীব জানান, দুপুরে ইউনাইটেড হাসপাতালে শফিকুর রহমানের একটি অ্যাপয়েন্টমেন্ট ছিল। হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিয়ে তিনি আদনানকে গাড়ি বের করতে বলেন। এরপর বাথরুমে প্রবেশ করেন তিনি। প্রায় ১০ মিনিটেও বাইরে না আসায় বাথরুমের দরজা ভেঙে তাঁকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখা যায়। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শফিকুর রহমানের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। তিনি চাঁদপুর-৪ আসন থেকে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

রাজনীতিতে যুক্ত হওয়ার আগে দীর্ঘদিন দৈনিক ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দুইবার এবং সাধারণ সম্পাদক হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেন। তাঁর পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

শফিকুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। তিনি প্রয়াত সাংবাদিকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শোকবার্তায় স্নেহাশিস সুর বলেন, শফিকুর রহমানের মৃত্যুতে উপমহাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ একজন মহান ব্যক্তিত্বকে হারাল। তাঁর সঙ্গে শুধু বিশেষ সখ্যই ছিল না, শফিকুর রহমান তাঁকে অত্যন্ত স্নেহ করতেন বলেও উল্লেখ করেন তিনি।

স্নেহাশিস সুর আরও জানান, কলকাতা প্রেস ক্লাব থেকে প্রকাশিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার সাংবাদিকরা’ বইটির বাংলাদেশ সংস্করণ প্রকাশ করেছিলেন শফিকুর রহমান।