রাজধানীর মিরপুরে পুলিশের তল্লাশিচৌকিতে বিদেশি পিস্তলসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাঁদের আটকের তথ্য জানান পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
আটক ব্যক্তিরা হলেন মশিউল আজম ও শান্ত ইসলাম। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি গুলি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার বলেন, ওই দুই ব্যক্তি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় পুলিশের তল্লাশিচৌকিতে তাঁরা ধরা পড়েন।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।