কুমিল্লা নগরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার স্লোগান দিয়ে মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় সংগঠনটির ১৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান উদ্দিন টুটুল। তিনি মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহারের অনুসারী। গ্রেপ্তার অন্যরাও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী।
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরের চকবাজারের কাছে নুরপুর-তেলিকোনা সড়কে মিছিলটি হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন অংশগ্রহণকারীরা। এ সময় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়। তাঁদের কয়েকজনের হাতে লাঠি ছিল এবং কারও কারও মুখে মাস্ক দেখা যায়। মিছিলটি প্রায় ৩০ সেকেন্ড থেকে এক মিনিট স্থায়ী হয়।
পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়। এরপর শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। এসব অভিযানে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, মিছিলে অংশ নেওয়া অন্যদেরও শনাক্ত করার কাজ চলছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।