বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

নতুন অ্যালবামের নাম প্রকাশ করল ‘বিটিএস’

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ ব্যান্ড হিসেবে ফিরছে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ বিটিএস (BTS)। ২০২৬ সালের ২০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ (ARIRANG)। সামরিক বাহিনীর বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এটিই হতে যাচ্ছে সাত সদস্যের পূর্ণাঙ্গ দলগত প্রত্যাবর্তন।

নতুন অ্যালবামের নাম প্রকাশ করল ‘বিটিএস’
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পূর্ণাঙ্গ ব্যান্ড হিসেবে ফিরছে দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত কে-পপ গ্রুপ বিটিএস (BTS)। ২০২৬ সালের ২০ মার্চ মুক্তি পেতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘আরিরাং’ (ARIRANG)। সামরিক বাহিনীর বাধ্যতামূলক দায়িত্ব পালন শেষে এটিই হতে যাচ্ছে সাত সদস্যের পূর্ণাঙ্গ দলগত প্রত্যাবর্তন।

বিটিএসের এজেন্সি বিগ হিট মিউজিক এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরনো ও জনপ্রিয় লোকগান ‘আরিরাং’-এর নামানুসারেই এই অ্যালবামের নামকরণ করা হয়েছে। ‘আরি’ শব্দের অর্থ সুন্দর এবং ‘রাং’ মানে প্রিয়জন। এই গানটি কোরীয়দের কাছে কেবল একটি সুর নয়, বরং এটি তাদের জাতীয় সত্তা ও আবেগের প্রতীক। দীর্ঘ বিরতির পর নিজেদের শেকড় এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই বিশেষ শিরোনাম বেছে নিয়েছে ব্যান্ডটি।

বিবৃতি অনুযায়ী, নতুন এই অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। ২০২৫ সালের শেষার্ধে অ্যালবামের রেকর্ডিং ও যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। গানগুলোতে শিল্পীদের হৃদয়ের আকুলতা, ভালোবাসা এবং দীর্ঘ বিচ্ছেদের পর পুনরায় একত্র হওয়ার অনুভূতি ফুটিয়ে তোলা হয়েছে। সিডি সংস্করণের পাশাপাশি সদস্য-ভিত্তিক বিশেষ ভিনাইল (Vinyl) এবং ডিলাক্স সংস্করণও বাজারে আসবে। ১৬ জানুয়ারি থেকেই অ্যালবামের প্রি-অর্ডার শুরু হয়েছে।

অ্যালবাম প্রকাশের পরপরই বিটিএস তাদের ক্যারিয়ারের বৃহত্তম বিশ্বভ্রমণ বা ‘ওয়ার্ল্ড ট্যুর’ শুরু করতে যাচ্ছে। ‘আরিরাং’ ওয়ার্ল্ড ট্যুরটি আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গোয়াং স্টেডিয়াম থেকে শুরু হবে। বিশ্বের মোট ৩৪টি শহরে ৭৯টি শো করার পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির। এই সফরে এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বড় শহর অন্তর্ভুক্ত রয়েছে।

২০২২ সালে ‘প্রুফ’ (Proof) অ্যালবাম প্রকাশের পর বিটিএস সদস্যরা একক ক্যারিয়ার ও সামরিক প্রশিক্ষণে মনোনিবেশ করেছিলেন। দীর্ঘ ৩ বছর ৯ মাস পর পূর্ণাঙ্গ গ্রুপ হিসেবে তাঁদের এই ফিরে আসা বিশ্বসংগীত অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিটিএস নেতা আরএম (RM) এক বার্তায় ভক্তদের (আর্মি) উদ্দেশ্যে বলেছেন, "আমি অন্য যে কারো চেয়ে এই প্রত্যাবর্তনের জন্য বেশি অপেক্ষা করছিলাম। আমরা নতুন করে আরও সুন্দর স্মৃতি তৈরি করব।"