বৃহস্পতিবার, 22 অক্টোবর 2026
সকল বিভাগ

অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের ১৫ বুথে পুনরায় ভোট

নির্বাচনী অনিয়মের অভিযোগের পর পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনের ১৫টি বুথে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী শনিবার (২ মে) দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার কেন্দ্রের এসব বুথে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।

অনিয়মের অভিযোগে পশ্চিমবঙ্গের ১৫ বুথে পুনরায় ভোট
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ছবি: সংগৃহীত

নির্বাচনী অনিয়মের অভিযোগের পর পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনের ১৫টি বুথে নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। আগামী শনিবার (২ মে) দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবার কেন্দ্রের এসব বুথে পুনরায় ভোট অনুষ্ঠিত হবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নির্দিষ্ট বুথগুলোতে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত ইতোমধ্যে কমিশন প্রকাশ করেছে। তবে ফলতা বিধানসভা কেন্দ্রের কোনো বুথে পুনরায় ভোট হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

কমিশনের ঘোষণা অনুযায়ী, মগরাহাট পশ্চিমের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে ভোট পুনরায় নেওয়া হবে।

পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তা (সিইও) এক নির্দেশনায় জানান, রিটার্নিং কর্মকর্তা ও পর্যবেক্ষকদের প্রতিবেদনের ভিত্তিতে ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোট বাতিল করা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আইন ১৯৫১-এর ৫৮(২) ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত নেওয়া হয় এবং ২ মে পুনরায় ভোটের তারিখ নির্ধারণ করা হয়।

নির্দেশনা অনুযায়ী, সব বুথে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬টায়। এ বিষয়ে এলাকায় ঢোল পিটিয়ে প্রচার চালানোর পাশাপাশি সব প্রার্থীকে লিখিতভাবে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


পুনরায় ভোট হবে যেসব বুথে

মগরাহাট পশ্চিমে ভোট হবে ৪৬-উত্তর ইয়ারপুর এফপি স্কুল (রুম ২), ১২৬-নজরা এফপি স্কুল (রুম ১), ১২৭-নজরা এফপি স্কুল (রুম ২), ১২৮-দেউলা এফপি স্কুল (রুম ১), ১৪২-ঘোলা নয়াপাড়া গার্লস হাই মাদ্রাসা (রুম ২), ২১৪-একতারা মালয় এফপি স্কুল (রুম ১), ২১৫-একতারা মালয় এফপি স্কুল (রুম ২), ২১৬-একতারা মালয় ধোরা এফপি স্কুল (রুম ১), ২৩০-বহিরপুয়া কুরকুড়িয়া এফপি স্কুল (রুম ১), ২৩১-বহিরপুয়া কুরকুড়িয়া এফপি স্কুল (রুম ২) এবং ২৩২-বহিরপুয়া কুরকুড়িয়া এফপি স্কুল (রুম ৩)।

ডায়মন্ড হারবারে পুনরায় ভোট হবে ১১৭-বাগদা জুনিয়র হাই স্কুল, ১৭৯-চন্দ্র এফপি স্কুল (রুম ২), ১৯৪-হরিদেবপুর এফপি স্কুল এবং ২৪৩-রায়নগর এফপি স্কুল (রুম ২)।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। স্বাধীনতার পর এবারই রাজ্যে সর্বোচ্চ ভোটার উপস্থিতি রেকর্ড হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুই দফায় মোট ভোট পড়েছে ৯২.৪৭ শতাংশ।

আগামী ৪ মে নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে। সহিংসতা এড়াতে নির্বাচন কমিশন সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের কর্মসূচির পর কলকাতা পুলিশ সাতটি এলাকায় জমায়েত নিষিদ্ধ করেছে।