মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের হামলাকে ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত এবং ‘মহাপাপ’ হিসেবে অভিহিত করেছেন দুই পবিত্র মসজিদের ইমাম। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মক্কার মসজিদ আল-হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা এবং নিরপরাধ মানুষের জীবন রক্ষা করা একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা। তাঁর ভাষ্য, আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্যবস্তু করার সাহস যারা দেখায়, ইসলামের শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ড আড়াল করতে হুথিরা ধর্মীয় স্লোগানকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।
মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য হুথিদের চালানো এসব হামলা তাদের সন্ত্রাসবাদের ধারাবাহিকতার অংশ। তাঁর মতে, এসব হামলার উদ্দেশ্য নিরপরাধ মুসলিমদের রক্তপাত ঘটানো এবং শান্তিপূর্ণভাবে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই শহরটির দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করে সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী। ইয়েমেনের বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়।
২০১৭ সালের জুলাইয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে এটি হুথিদের দ্বিতীয় হামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শেখ বালিলা আরও বলেন, এসব হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে আরও শক্তিশালী করবে এবং দেশটি চিরকাল মুসলিমদের কিবলা হিসেবে অটুট থাকবে।
সূত্র: সৌদি গেজেট