তেহরান পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক উত্তেজনাকর পরিস্থিতির পর ওয়াশিংটন এখন সুবিধাজনক অবস্থানে থেকে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডোনাল্ড ট্রাম্প জানান, রণকৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখনো সচল রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ জুন এই আন্তর্জাতিক নৌপথটি ব্যবহার করে রেকর্ড ১ কোটি ৯০ লাখ ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও উল্লেখ করেন, ইরানের জন্য ছাড় দেওয়া কিছু অর্থ ব্যবহার করে দেশটি যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন ও ভুট্টা ক্রয় করবে। এর পাশাপাশি তিনি আবারও দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর অভিযানে ইরানের সামরিক কাঠামোর ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে।
ইরানের মনোভাবের বিষয়ে ট্রাম্প বলেন, তারা ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে অত্যন্ত আগ্রহী এবং খুব শীঘ্রই একটি সমঝোতা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে সাম্প্রতিক সংঘাতের পর ইরান আগের চেয়ে শক্তিশালী হয়ে উঠেছে—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে নাকচ করে দিয়েছেন তিনি।