শনিবার, 7 নভেম্বর 2026
সকল বিভাগ

পাসপোর্টের বিকল্প ডিজিটাল আইডি: সৌদিতে হাজিদের ভ্রমণে নতুন সুবিধা

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগত হজযাত্রীদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করতে ‘ডিজিটাল ভিজিটর আইডি’ সেবা চালু করেছে দেশটির সরকার।

পাসপোর্টের বিকল্প ডিজিটাল আইডি: সৌদিতে হাজিদের ভ্রমণে নতুন সুবিধা
ছবি : সংগৃহীত

সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে আগত হজযাত্রীদের জন্য যাতায়াত ব্যবস্থা আরও আধুনিক ও সহজ করতে ‘ডিজিটাল ভিজিটর আইডি’ সেবা চালু করেছে দেশটির সরকার।

এখন থেকে সৌদি আরবের অভ্যন্তরে ভ্রমণের ক্ষেত্রে হাজিদের সাথে করে মূল পাসপোর্ট বহন করার আবশ্যকতা থাকছে না। সৌদি পাসপোর্ট অধিদপ্তর (জাওয়াজাত) সম্প্রতি এই নতুন নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষের তথ্যমতে, হজযাত্রীরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে খুব সহজেই এই ডিজিটাল পরিচয়পত্রটি সংগ্রহ করতে পারবেন। এই উদ্যোগের ফলে হজ চলাকালীন সৌদি আরবের এক শহর থেকে অন্য শহরে হাজিদের যাতায়াত অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ হবে। বিশেষ করে ভিড়ের মধ্যে সশরীরে পাসপোর্ট বহন করার যে ঝুঁকি থাকে, ডিজিটাল আইডির মাধ্যমে তা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর স্পষ্ট করেছে যে, এই ডিজিটাল ভিজিটর আইডিকে একটি পূর্ণাঙ্গ দাপ্তরিক নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে দেশটিতে চলাচলের সময় যেকোনো আইনি বা প্রশাসনিক প্রয়োজনে এটি প্রদর্শন করলেই চলবে, আলাদা করে ফিজিক্যাল পাসপোর্ট দেখানোর প্রয়োজন পড়বে না। মূলত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পাসপোর্ট হারানোর বিড়ম্বনা থেকে তাদের মুক্ত রাখতেই এই আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজ মৌসুমে মক্কা ও মদিনাসহ পবিত্র স্থানগুলোতে লাখো মানুষের সমাগম ঘটে। এই বিশাল জনস্রোতের মাঝে হাজিদের গতিবিধি আরও গতিশীল ও আরামদায়ক করতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল আইডি ব্যবহারের ফলে হাজিরা যেকোনো নিরাপত্তা চৌকি বা তল্লাশিতে মুহূর্তেই নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন, যা পুরো হজ ব্যবস্থাপনাকে আরও সহজতর করবে।