বৃহস্পতিবার, 29 অক্টোবর 2026
সকল বিভাগ

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার দুই সপ্তাহ পর প্রথমবারের মতো ঢাকার রাজপথে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসভবন থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে জনসাধারণের এই ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হন এলাকাবাসী।

পায়ে হেঁটে বাসা থেকে অফিসে তারেক রহমান
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার দুই সপ্তাহ পর প্রথমবারের মতো ঢাকার রাজপথে পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। শুক্রবার বিকেলে গুলশানে নিজ বাসভবন থেকে দলীয় কার্যালয়ে যাওয়ার পথে জনসাধারণের এই ব্যতিক্রমী অভিজ্ঞতার সাক্ষী হন এলাকাবাসী।

দলীয় সূত্রে জানা গেছে, এদিন বিকেল পৌনে ৪টায় গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে রওনা হন তারেক রহমান। ১৬ মিনিটের হাঁটা পথ পেরিয়ে বিকেল ৪টা ৪ মিনিটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডে অবস্থিত চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। এ সময় তার পরনে ছিল কালো স্যুট। হঠাৎ করে পায়ে হেঁটে অফিসে যাওয়ার সিদ্ধান্তে নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে দ্রুত তৎপরতা দেখা যায়। তাঁর সঙ্গে ছিলেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।

ফুটপাত দিয়ে বিএনপির শীর্ষ এই নেতাকে হেঁটে যেতে দেখে বিষ্ময় প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। প্রত্যক্ষদর্শী সোহরাব উদ্দিন বলেন, “আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সাথে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে।” পথিমধ্যে যারা তাঁকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে স্বাগত জানান এবং তারেক রহমানও স্মিত হাস্যে তার উত্তর দেন।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। মা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাতুর পরিবেশের মধ্যেই তিনি নিয়মিত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদিনই বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। শুক্রবারও পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দলীয় সূত্রে আরও জানা গেছে, নিয়মিত সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে আজ রাত ৯টায় গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তারেক রহমান ওই সভায় সভাপতিত্ব করবেন।