দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক জ্বালানি পরিস্থিতি বিষয়ক বক্তব্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, “পেট্রলের লাইন আর নাই, লোডশেডিংও কমে গেছে।”
তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সংক্রান্ত যে বিশেষ কমিটি গঠন করা হয়েছে, তারা আগামী রোববার বৈঠকে বসবে।
এদিকে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দেশে গত মঙ্গলবার ও বুধবার (২৮ ও ২৯ এপ্রিল) কোনো ধরনের লোডশেডিং হয়নি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ এক বার্তায় জানায়, ২৮ এপ্রিল দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হয়।
অন্যদিকে ২৯ এপ্রিল বিদ্যুতের চাহিদা ছিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট, যা সম্পূর্ণভাবে পূরণ করা সম্ভব হয়েছে। ফলে টানা দুই দিন দেশে কোনো লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।