জাতীয় সংসদে দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কে জড়িয়েছেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা হাফেজ আব্দুল মুনতাকিম। তার পরিবারের মুক্তিযুদ্ধের ভূমিকা নিয়ে দেওয়া বক্তব্যের পর বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
সংসদে দেওয়া বক্তব্যে আব্দুল মুনতাকিম দাবি করেন, ‘‘আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার আব্বারা (বাবা-চাচা) ৭ ভাই, ৪ জন মুক্তিযোদ্ধা। আমার দাদারা ১৯ জন, ১১ জন মুক্তিযোদ্ধা। আমার পরিবারে ৪৭ জন মুক্তিযোদ্ধা। আমার মা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।’’
তবে তার এই বক্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায়, আব্দুল মুনতাকিম তার নির্বাচনী হলফনামায় জন্মতারিখ হিসেবে ১৯৮১ সালের ১০ জানুয়ারি উল্লেখ করেছেন। সেই হিসাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন।
এ নিয়ে প্রশ্ন উঠেছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাবা শহীদ হয়ে থাকলে ১৯৮১ সালে তার জন্ম কীভাবে সম্ভব—এমন প্রশ্ন তুলেছেন অনেকে।
এদিকে, অনলাইন তথ্যভান্ডার উইকিপিডিয়াতেও আব্দুল মুনতাকিমের জন্মতারিখ একই হিসেবে উল্লেখ রয়েছে।