ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়েছে মোট ৬৪৫টি আপিল। এসব আপিলের শুনানি শুরু হচ্ছে আজ শনিবার (১০ জানুয়ারি)।
নির্বাচন কমিশন সূত্র জানায়, গত ৫ জানুয়ারি আপিল গ্রহণ শুরু হয়ে শুক্রবার (৯ জানুয়ারি) শেষ হয়। শেষ দিনে জমা পড়ে ১৭৬টি আবেদন। সব মিলিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ইসিতে ৬৪৫টি আপিল আবেদন জমা হয়েছে।
ইসি জানিয়েছে, আজ সকাল ১০টা থেকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হবে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আজ শুনানি হবে ১ থেকে ৭০ নম্বর আপিলের। এরপর রোববার ৭১ থেকে ১৪০, সোমবার ১৪১ থেকে ২১০ এবং মঙ্গলবার ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শুনানি চলবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবেন এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।