প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় চলমান প্রথম রাষ্ট্রীয় সফরের সার্বিক বিষয় নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
আজ সোমবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে কুয়ালালামপুরের হোটেল সাংগ্রিলায় এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সংবাদমাধ্যমকে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে, আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক বিশেষ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় এই একান্ত আলোচনা শুরু হয়।
শীর্ষ দুই নেতার এই নিভৃত বৈঠকের পূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একান্ত আলোচনার পর দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের আনুষ্ঠানিক বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই সরকারপ্রধান এতে নিজ নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।