শুক্রবার, 6 নভেম্বর 2026
সকল বিভাগ

নিলামে তোলা হচ্ছে প্রিন্সেস ডায়ানার আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’

প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো ‘রিভেঞ্জ ড্রেস’ আবারও উঠছে নিলামে। আগামী ডিসেম্বর বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি বিক্রির জন্য তুলবে। এর আগে চলতি মাসে লন্ডনে প্রদর্শনের পর পোশাকটি নেওয়া হবে হংকং, জেনেভা ও নিউইয়র্কে। শেষপর্যন্ত নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে নিলাম।

নিলামে তোলা হচ্ছে প্রিন্সেস ডায়ানার আলোচিত ‘রিভেঞ্জ ড্রেস’

প্রিন্সেস ডায়ানার বহুল আলোচিত কালো ‘রিভেঞ্জ ড্রেস’ আবারও উঠছে নিলামে। আগামী ডিসেম্বর বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স পোশাকটি বিক্রির জন্য তুলবে। এর আগে চলতি মাসে লন্ডনে প্রদর্শনের পর পোশাকটি নেওয়া হবে হংকং, জেনেভা ও নিউইয়র্কে। শেষপর্যন্ত নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে নিলাম।

১৯৯৪ সালের সেপ্টেম্বরের এক সন্ধ্যায় ডায়ানাকে এই কালো পোশাকে প্রকাশ্যে দেখা যায়। শরীরের সঙ্গে আঁটসাঁট ও কাঁধখোলা নকশার পোশাকটি তার প্রচলিত পোশাকের তুলনায় ছিল বেশ ব্যতিক্রমী। তবে পোশাকটির সঙ্গে জড়িয়ে থাকা সেদিনের ঘটনাই পরবর্তী সময়ে এটিকে ‘রিভেঞ্জ ড্রেস’ নামে পরিচিত করে তোলে।

নিলামে পোশাকটির মূল্য ১ লাখ ১০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ১ কোটি ৮৩ লাখ থেকে ৩ কোটি ৬৭ লাখ টাকা।

ডায়ানার সাবেক স্বামী প্রিন্স চার্লস বর্তমানে যুক্তরাজ্যের রাজা। পোশাকটির সঙ্গে ‘রিভেঞ্জ ড্রেস’ নামটি যুক্ত হওয়ার পেছনেও রয়েছে তাকে ঘিরে সেই সময়ের ঘটনা। ডায়ানা যেদিন পোশাকটি পরেছিলেন, সেদিনই চার্লস টেলিভিশনে তার পরকীয়ার বিষয়টি প্রকাশ করতে যাচ্ছিলেন।


তবে এই পোশাককে ঘিরে আগ্রহ নতুন নয়। এর আগে ১৯৯৭ সালে ডায়ানা জীবিত থাকতেই পোশাকটি একবার নিলামে বিক্রি করেছিলেন এবং সেখান থেকে পাওয়া অর্থ দাতব্য কাজে ব্যয় করেছিলেন। ওই নিলামে পোশাকটির দাম উঠেছিল ৩৯ হাজার ৯৮ পাউন্ড, যা বর্তমান মূল্যে প্রায় ১ লাখ পাউন্ডের সমান। পরে যে পরিবার পোশাকটি কিনেছিল, এত বছর সেটি তাদের কাছেই সংরক্ষিত ছিল।

‘রিভেঞ্জ ড্রেস’-এর নকশা করেছিলেন ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যামবোলিয়ান। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি জানান, ওই সন্ধ্যায় ডায়ানার একটি সাদা গাউন পরার পরিকল্পনা ছিল। কিন্তু স্বামীর ওপর রাগের কারণে শেষ মুহূর্তে সেই পোশাক বাদ দিয়ে কালো পোশাকটি বেছে নেন তিনি। সেদিন ডায়ানা উজ্জ্বল লাল নেইল পলিশও ব্যবহার করেছিলেন, যেভাবে তাকে এর আগে দেখা যায়নি।

ফ্যাশনসচেতনতার জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন ডায়ানা। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্যারিসে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রায় তিন দশক পরও তার পোশাক ও ফ্যাশন-রুচি নিয়ে আগ্রহ কমেনি। নতুন প্রজন্মের কাছেও তার পোশাক ও ব্যক্তিগত স্টাইল এখনো অনুপ্রেরণার বিষয়।

২০১৩ সালে মার্কিন সংগীতশিল্পী রিয়ানা ফ্যাশনবিষয়ক সাময়িকী গ্লামারকে দেওয়া এক সাক্ষাৎকারে ডায়ানার ফ্যাশনবোধের প্রশংসা করেন। তার ভাষায়, ডায়ানার প্রতিটি সাজই ছিল দুর্দান্ত এবং পোশাক বেছে নেওয়ার ক্ষেত্রে তিনি ছিলেন ‘একজন গ্যাংস্টার’।