আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। টুর্নামেন্টের ‘সি’ গ্রুপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড যুক্ত হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে পাকিস্তানের অবস্থান নিয়ে সরকার ও বোর্ড খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।
তবে পুরো টুর্নামেন্ট বর্জনের পথে না গেলেও ভারতের বিপক্ষে ম্যাচটি এড়িয়ে যাওয়ার একটি কৌশল নিয়ে ভাবছে পিসিবি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে পাকিস্তান খেলবে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুটি ম্যাচ।
সালমান আগার নেতৃত্বাধীন দলটি যদি এই দুই ম্যাচে জয় পায়, তাহলে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলেও ঝুঁকি নেওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে পাকিস্তান শিবির। তাদের হিসাব অনুযায়ী, প্রথম দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট পাওয়ার পর গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলে, ভারতের বিপক্ষে ম্যাচ থেকে পয়েন্ট না পেলেও পরবর্তী রাউন্ডে ওঠা সম্ভব।
মূলত রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণেই ভারতের বিপক্ষে ম্যাচটি নিয়ে ‘অবস্থা বুঝে সিদ্ধান্ত’ নেওয়ার কৌশল ভাবছে পাকিস্তান। যদিও বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, তবে সরকারের অনুমোদন পেলেই পিসিবি তাদের চূড়ান্ত অবস্থান প্রকাশ করবে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থান তৈরি হলেই কেবল এমন কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববে পাকিস্তান।