প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় কারাগারে যাওয়ার কয়েকদিনের মাথায় ফের জামিন পেয়েছেন আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেল।
রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী ইমরান হোসেন জানান, ‘গত ২ এপ্রিল ধার্য তারিখে নোবেলের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছিলেন আদালত। আজকে তার জামিন চেয়ে আবেদন করেছিলাম।
আসামির উপস্থিতিতে জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় অভিযোগ গঠনের শুনানি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। তার কারামুক্তিতে কোনো বাধা নেই।’
এর আগে গত ২ ফেব্রুয়ারি একই আদালত গায়ক নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৪ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে আপসের শর্তে জামিন পান এবং সেদিনই মুক্ত হন।
তবে গত ২ এপ্রিল আদালতে হাজির হলে বাদীপক্ষ তার জামিন বাতিলের আবেদন করে। আবেদনে বলা হয়, জামিনে মুক্ত হয়ে শর্ত ভঙ্গ করেছেন নোবেল এবং বাদীকে বাসায় নিয়ে মারধর করেছেন—এ ঘটনায় পৃথক মামলাও হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে আদালত তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী এক নারী আদালতে এই মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল।
এ মামলায় অন্য আসামিদের বিরুদ্ধে প্রতারণায় সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান অভিযোগের সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে প্রতিবেদন জমা দেন।
নোবেল ছাড়া এ মামলার অন্য আসামিরা হলেন তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানা।