শুক্রবার, 23 অক্টোবর 2026
সকল বিভাগ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

চার দিনের দ্বিপাক্ষিক সফর শেষে চীনের বেইজিং থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী
ছবি : সংগৃহীত
চার দিনের দ্বিপাক্ষিক সফর শেষে চীনের বেইজিং থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার বেইজিংয়ের ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ১৫ মিনিটে চায়না সাউদার্নের একটি ফ্লাইটে তিনি ঢাকার পথে রওয়ানা দেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিনী জুবাইদা রহমানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। সরকারপ্রধান ও তাঁর স্ত্রী গাড়ি থেকে নেমে লালগালিচা সংবর্ধনার মধ্য দিয়ে বিমানে আরোহণ করেন।

এর আগে গত সোমবার রাতে মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সম্মেলনে অংশ নেন।

দালিয়ানের কর্মসূচি শেষে গত বুধবার দুপুরে দ্রুতগতির বুলেট ট্রেনে বেইজিংয়ে পৌঁছান সরকারপ্রধান। বেইজিং সফরকালে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। পাশাপাশি ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তাঁর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এছাড়া বেইজিংয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে গত ২১ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশটিতে যান প্রধানমন্ত্রী। সেটিই ছিল দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম বিদেশ সফর। মালয়েশিয়ার সফর শেষ করেই তিনি চীনের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন।